ডিজিটাইজজেশনে একসাথে কাজ করবে এটুআই-বিসিক

৯ ফেব্রুয়ারি, ২০২১ ২১:২৪  
দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ই-কমার্স ব্যবসায় অন্তর্ভুক্তকরণ ও তাদের সার্বিক ডিজিটাল দক্ষতা উন্নয়নে মঙ্গলবার আইসিটি টাওয়ারে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিসিক-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোস্তাক হাসান এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নাগরিক সেবায় উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়ে বিসিক এবং এটুআই যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরিতে সহায়তা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় মার্কেট সংযোজন সহায়তা প্রদান করবে এটুআই। এছাড়াও ৬৪ জেলায় বিসিকের ডিসপ্লে সেন্টারগুলোকে অনলাইন প্ল্যাটফর্মের আওতায় আনা, পণ্য উৎপাদন এবং বিপণনে নিযুক্ত কর্মী, উদ্যোক্তা এবং সমবায়/সমিতিগুলোর জন্য প্রশিক্ষণ বিষয়ক কারিগরি পরামর্শ প্রদান করা হবে। বিসিকের প্ল্যাটফর্মটি একশপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকবে। যেখানে বিসিকের উদ্যোক্তাগণ একশপের লজিস্টিকস সেবা এবং অনলাইনে পেমেন্ট সুবিধা গ্রহণ করতে পারবে। পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা একশপের বিস্তৃত নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হতে পারবে। এই সমঝোতা স্মারকের আওতায় দেশে এবং দেশের বাইরে ই-কমার্স কানেক্টিভিটি তৈরিতে একশপ সহযোগিতা প্রদান করবে। আগামীতে বিসিক-এর প্রশিক্ষণ কেন্দ্রসমূহে বাজারমুখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান এবং এর শিল্পনগরীসমূহে ‘অন-দা-জব’ প্রশিক্ষণ বা এ্যাপ্রেন্টিসশিপ বাস্তবায়নে সহায়তা প্রদান করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম তথ্য প্রযুক্তি নিয়ে নানা ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এর আওতায় নাগরিক সেবা সহজিকরণ, ডিজিটাল সেবায় রূপান্তর, জাতীয় ডিজিটাল সিস্টেমসমূহের সঙ্গে ইন্টিগ্রেশন এবং ডিজিটাল সেবা প্রদান ব্যবস্থার বাস্তবায়নে এটুআই এবং বিসিক এক সঙ্গে কাজ করবে। বিসিক-এর চেয়ারম্যান মোঃ মোস্তাক হাসান বলেন, বিসিক সরকারের ২০৪১ সালে উন্নত অর্থনীতিতে উন্নয়নের রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় বিসিক ৫ম প্রতিষ্ঠান হিসাবে ওয়ান স্টপ সেবা প্রদান শুরু করতে যাচ্ছে। ই-বিপণন বর্তমান সময়ের দাবি। এটুআই এর সাথে এই সমঝোতা স্মারকের মাধ্যমে এটুআই-এর একশপ উদ্যোগের সাথে যুক্ত হয়ে উদ্যোক্তাবৃন্দ ই-বিপণন করতে পারবেন। এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান বলেন, একশপ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং নানান দেশে প্রান্তিক উদ্যোক্তাদের পণ্য বিপণন করে আসছেন। একপে এবং এটুআই এর ন্যাশনাল ইন্টিলিজেন্স ফর স্কিলস্, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশীপ পোর্টাল পোর্টাল নিয়ে বিসিক এবং এর উদ্যোক্তাদের নানাবিধ ডিজিটাল সেবায় রূপান্তর করা সম্ভব হবে। ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি বলেন, বিসিকের উদ্যোক্তাগণ বাংলাদেশের জিডিপিতে বড় ভূমিকা পালন করছে, তাদের ডিজিটাইজেশন এবং ই-কমার্সে অন্তর্ভুক্তি দেশের অর্থনীতিকে আরো গতিশীল করবে। সমঝোতা স্মারকে অন্যান্যদের মধ্যে এটুআই এবং বিসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।